দিল্লিতে ড. খলিলুরের সঙ্গে অজিত দোভালের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ । ৭:৪১ অপরাহ্ণ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় ড. খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) এনএসএ-স্তরের বৈঠকে অংশ নিতে ড. খলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এ সফরকে ঘিরেই অজিত দোভালের সঙ্গে তাদের এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়।

গত বছরের ৫ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার ভারতের দ্বিতীয় সফর। এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফরে যান।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন