ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ । ৭:৩৩ অপরাহ্ণ

ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ী চৌবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভূমিকম্প যেকোনো সময় হতে পারে, তাই আতঙ্কের পরিবর্তে সতর্কতা ও প্রস্তুতি বাড়ানোই এখন সবচেয়ে জরুরি। বিদ্যালয়গুলোর জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে।

উপদেষ্টা আরও জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা স্কুল পরিচালনায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মামলাজনিত জটিলতার কারণে পদোন্নতি দীর্ঘদিন আটকে আছে এবং বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন।

তিনি বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য চেষ্টা চলছে। নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে এবং শূন্য হওয়া পদগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন