রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।
মঙ্গলবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রবিউল আলম রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা বলেন, মামলাটিতে প্রধান আসামি শেখ রেহানা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানিতে আজ যুক্তিতর্ক উপস্থাপন হয়। মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটির তদন্ত শেষে, গত ১০ মার্চ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ । ৩:২১ অপরাহ্ণ