টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নফল রোজা, গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌর শহরের চৌরাস্তা মোড়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর রাজনৈতিক কার্যালয়ে এই আয়োজন হয়।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও খালেদা জিয়ার সমর্থকেরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইন উদ্দিন।
আলোচনা পর্বে বক্তৃতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অধ্যাপক রেজাউল করিম, মামুনুর রশীদ টিয়া, খলিল মাস্টার ও জয়নাল আবেদীন খান বাবলু। দোয়া শেষে ধনবাড়ী কলেজ মাঠে গণ ইফতার হয়।
অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, বেগম খালেদা জিয়া এখন দেশের সর্বজনীন নেত্রীতে পরিণত হয়েছেন। তার সুস্থতা কামনায় দেশের মানুষ দোয়া করছে। তিনি সুস্থ হয়ে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন—এমন আশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে নির্বাচন নিয়ে দেশ-বিদেশের ষড়যন্ত্র ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ধনবাড়ী সরকারি কলেজ মাঠে দোয়া মাহফিলের অনুমতি দেওয়া হয়নি। ভবিষ্যতে এমন বাধা না দেওয়ার আহবান জানান তিনি।
উল্লেখ্য, টাঙ্গাইল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ । ৭:৪৭ অপরাহ্ণ