টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবদল নেতা নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শালিয়াবহ–জাঙ্গালিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, নিহতরা হলেন রসুলপুর ইউনিয়নের ঘোড়ারটেকি গ্রামের আবুল কাশেম (৪০) এবং লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামের হামিদুজ্জামান হামিদ (৩২)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একাব্বর আলীর ছেলে কবির হোসেন (৩০)।
স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে শালিয়াবহ চৌরাস্তা থেকে ঘোড়ারটেকির দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাশেম ও হামিদুজ্জামান মারা যান। আহত কবিরকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জানান, নিহত দুজনই রসুলপুর ইউনিয়ন যুবদলের সক্রিয় সদস্য ছিলেন। আগামী ১৫ ডিসেম্বর তাঁদের সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল।
খবর পেয়ে নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম ওবায়দুল হক নাসির।
ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ । ৯:৫৩ পূর্বাহ্ণ