জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর প্রস্তুত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ । ১০:১৩ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে।

বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, দাফনের জন্য নির্ধারিত স্থানের পরিমাপ ও আনুষঙ্গিক কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এলাকাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক অভেদ্য নিরাপত্তা বলয় তৈরি করেছেন। বর্তমানে দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ কাউকে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এর আগে, গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বেগম জিয়ার জানাজা আজ দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।
প্রথমে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার কথা ভাবা হলেও, বিশাল জনসমাগমের কথা বিবেচনা করে এখন মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখার সিদ্ধান্ত হয়েছে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের এই বরেণ্য জাতীয় নেতাকে যেন সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় দপ্তর কাজ করছে। জানাজার সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও জনসাধারণের অবস্থানের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান স্মরণ করছে দেশবাসী।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন