ইউএনওর কক্ষে গোপনে কথোপকথন রেকর্ড, মুচলেকায় নিষ্পত্তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ । ৩:৫৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে অনুমতি ছাড়া গোপনে কথোপকথন মুঠোফোনে রেকর্ড করার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মানোয়ার হোসেন সাগরের বিরুদ্ধে।

রোববার (২৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে ইউএনও তাৎক্ষণিকভাবে রেকর্ডিং বন্ধ করান। পরে অভিযুক্ত প্রার্থীর কাছ থেকে মুচলেকা নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান জানান, তার কক্ষে প্রবেশ করে অনুমতি ছাড়া কথোপকথন রেকর্ড করেছেন মানোয়ার হোসেন সাগর। বিষয়টি জানতে চাইলে তিনি তা স্বীকার করেন।
তিনি জানান, নির্বাচনি বিধিনিষেধ-সংক্রান্ত আলোচনা মনে রাখার জন্য রেকর্ডিং করেছিলেন। পরে এ ধরনের কাজ আর করবেন না- এ মর্মে মুচলেকা দিয়েছেন।

ইউএনও আরও জানান, সরকারি অফিসে অনুমতি ছাড়া কোনো ধরনের অডিও বা ভিডিও রেকর্ড করা আইন ও আচরণবিধি পরিপন্থি। বিশেষ করে গোপনে কথোপকথন রেকর্ড করা অসদাচরণ হিসেবে বিবেচিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর ও থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত প্রার্থী হাফেজ মাওলানা মানোয়ার হোসেন সাগরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে সরাসরি সাক্ষাতে কথা বলার অনুরোধ জানান এবং ফোন কেটে দেন।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান বলেন, বিষয়টি তিনি জানেন। তবে এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন