অনলাইনে বাদ, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ৬:৫৭ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ম্যানুয়ালি কার্ড ইস্যুর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তারা আবেদনকৃত অবস্থাতেই থাকবেন। তবে যারা অনলাইনে আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সশরীরে নির্বাচন ভবনে এসে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে পারবেন।

এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন করার আহ্বান জানায় নির্বাচন কমিশন। তবে এই প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি নয়—এমন অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। বিষয়টি আমলে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এদিকে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা আগামী রোববার (১ ফেব্রুয়ারি) এর মধ্যে সমাধানের দাবিতে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এর পরপরই অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় ইসি।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন