কালিহাতীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:১৫ অপরাহ্ণ

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি হয়। কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে হাসপাতাল রোড, উপজেলা গেট ও বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে আবার একই মাঠে এসে শেষ হয়।
সমাবেশে কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি এস এম এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন ১১ দলীয় জোট মনোনীত টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানান।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন