ভূঞাপুরে সুষ্ঠু ভোটগ্রহণ, তবে ভোটার উপস্থিতি কম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৫২ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সরেজমিনে উপজেলার প্রাণকেন্দ্র ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগতেরিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের চিত্র দেখা যায়। তবে কড়া নিরাপত্তা থাকা সত্বেও এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা যায়।
দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা সাড়ে ৭ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এসব কেন্দ্রে গড়ে প্রায় ৮ থেকে ১০ শতাংশ ভোট পড়েছে বলে তারা জানিয়েছেন।
এদিকে প্রত্যেকটি কেন্দ্রেই ছিল সনাতন ধর্মের ভোটারদের সরব উপস্থিতি।
ভোট দিতে আসা এক নারী ভোটার বলেন, “আমি স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছি। কোনো সমস্যা হয়নি।” তবে গণভোট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার কোনো ধারণা নেই।
তরুন ভোটাররা জানান, গত নির্বাচনের থেকে এবার ভোট গ্রহন কার্যক্রম বেশ আধুনিক। কোন ধরনের ভয়ভিতি নেই। প্রথমবার নির্বিঘ্নে ভোট দিতে পেরে তারা খুবই আনন্দিত। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন