টাঙ্গাইল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান বিজয়ী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:১১ অপরাহ্ণ

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী লূৎফর রহমান খান আজাদ (মোটর সাইকেল) প্রতীকে ১ লাখ ৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৭৩৪ ভোট।

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে এর আগেও টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু সাঈদ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮২ হাজার ৭২০ জন। এর মধ্যে এ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সাইফুল্লাহ হায়দার পেয়েছেন ৩৩ হাজার ২০৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার হাঁস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ৩ হাজার ৯৯৩ ভোট।

মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৭৭৩ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৬৪৯, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৪২২ ভোট।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনটি ১৪ টি ইউনিয়ন ১টি পৌরসভায় সর্ব মোট ১২২ টি ভোট কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৭২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯১,৮৬৪ (এক লাখ একানব্বই হাজার আটশত চয়শট্টি) জন ও মহিলা ভোটার ১,৯০,৮৫৩ (এক লাখ নব্বই হাজার আট শত তিপ্পান্ন ) জন এবং তৃতীয় লিঙ্গ ৩ (তিন) জন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন