শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:১০ পূর্বাহ্ণ

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। ইতোমধ্যে সংসদ ভবনের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার এবং অবকাঠামোগত প্রস্তুতির কাজ শেষ হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এ অনুষ্ঠানের আয়োজন করতে দিনভর বৈঠক করেন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে শপথের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি সফলভাবে করতে প্রটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবার বিষয় অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে সব পরিকল্পনা।

বিশেষ করে প্রটোকল ও নিরাপত্তা থেকে শুরু করে অতিথি সেবা এবং প্রযুক্তিগত ব্যবস্থা নিশ্চিত করতে সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও শাখা যৌথভাবে কাজ করছে।

এরই মধ্যে নব নির্বাচিত সংসদ-সদস্যদের নির্বাচিত হওয়ার বিষয়ে গেজেট প্রকাশ হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শের পর শপথ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে।

তবে নতুন সংসদ সদস্যদের শপথ বাক্য কে পড়াবেন- তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবে সংসদ সচিবালয়ের সচিব কানিজ গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি, যা আমাদের সাধারণ দায়িত্বও বটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পরেই শপথ অনুষ্ঠান হবে।’

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন