টাঙ্গাইলের বাজারে রমজান শুরুতেই ইফতারের অপরিহার্য পণ্যের দাম ঊর্ধ্বগতি পেয়েছে। লেবু, শসা ও বেগুনের দাম ‘সেঞ্চুরি’ স্পর্শ করায় ক্রেতারা চাপে পড়েছেন। বাজার ঘুরে দেখা গেছে, চাহিদা বৃদ্ধির সুযোগে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।
টাঙ্গাইল শহরের পার্ক বাজার, ছয়আনী বাজার ও সিটি বাজারে ভিড় থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই। লেবু বিক্রি হচ্ছে আকার ও মানভেদে ৮০ থেকে ১৪০ টাকা হালি। বড় আকারের লেবু পাইকারিতে ৪০ টাকায় বিক্রি হলেও খুচরায় দাম দাঁড়াচ্ছে ১৬০ টাকা। শসার কেজি-প্রতি দাম ১০০ থেকে ১৪০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকা এবং তরমুজ ৬৫ থেকে ৯০ টাকা কেজি।
ইফতারের অন্য গুরুত্বপূর্ণ পণ্য খেজুরের দামও বেড়েছে। সর্বনিম্ন ৩৫০ টাকা কেজি, উন্নতমানের খেজুর প্রকারভেদে দুই হাজার টাকারও বেশি। ফলমূলেও ঊর্ধ্বগতি; স্ট্রবেরি কেজি-প্রতি ৬০০ থেকে ৭০০ টাকা, পেঁপে ১৪০ টাকা, পেয়ারা ১৩০ টাকা কেজি।
সবজির পাশাপাশি মসলা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ খুচরায় ৬০ টাকা কেজি, রসুন ২০০ টাকা কেজি, আদা ১৫০ টাকা, আলু ৯০ টাকা। ছোলা ৮০ থেকে ১১০ টাকা কেজি, চিনি ১০০ থেকে ১১০ টাকা, মুড়ি ৮০ থেকে ৯০ টাকা এবং সয়াবিন তেল লিটার-প্রতি ১৯৬ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা অভিযোগ করেছেন, রোজা শুরুতেই বাজারে অতি মুনাফার আশায় দাম বাড়ানো হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, রমজানকে কেন্দ্র করে চাহিদা বৃদ্ধি এবং দুর্বল বাজার তদারকির কারণে প্রতি বছরই মূল্যবৃদ্ধি ঘটে। নিয়মিত মনিটরিং ও কার্যকর পদক্ষেপ না নিলে পুরো মাসজুড়ে দাম চাপ অব্যাহত থাকতে পারে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৩৪ অপরাহ্ণ