সখীপুরে মহাসড়কের পাশে পড়ে ছিল মাদরাসাছাত্রের মরদেহ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ৩:৫২ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুরে রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদরাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদরাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে পড়ে ছিল মরদেহটি। নিহত রিদুয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী।

নিহতের স্বজন আব্দুল্লাহ আল কাফী জানান, রিদুয়ান তার বাবার মোটরসাইকেলে পেট্রোল নেয়ার জন্য সখীপুর থেকে বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। স্থানীয়রা রিদুয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন