মির্জাপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি ॥ নগদ টাকা ও ১৬ ভড়ি স্বর্ণালংকার লুট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ৯:২১ অপরাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা প্রবাসী আলতাফ হোসেনের বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৬ ভড়ি ওজনের স্বর্ণালংকার এবং নগদ ১২ লাখ টাকা লুটে নিয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটেছে।
প্রবাসী আলতাফ হোসেন জানান, তিনি ৩৩ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী। তিনি গত এক বছর আগে দেশে আসেন। তিনি শনিবার (১১ এপ্রিল) সকালে পুত্রবধূ মারিয়াকে বাড়িতে রেখে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কালিয়াকৈর উপজেলায় তাদের নির্মাণাধীন বাড়ি দেখতে যান। দুপুর দেড়টার দিকে ৪/৫ সদস্যের ডাকাত দল কৌশলে আলতাফ হোসেনের ঘরে প্রবেশ করে।
এ সময় পুত্রবধু মারিয়া আক্তার বাহিরে রান্না করছিলেন। ফ্রিজ থেকে মাছ আনতে ঘরে গিয়ে দেখেন ৪/৫ জন অপরিচিত মানুষ ঘরের ভেতর সোফায় বসে আছে। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা লাঠি দিয়ে পুত্রবধু মারিয়ার মাথায় ও হাতে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে ঘরের এক রুমে দরজা বন্ধ করে আটকিয়ে রেখে আলমারি ও ওয়ার ড্রবের তালা ভেঙ্গে প্রায় ১৬ ভড়ি ওজনের স্বর্ণালংকার এবং নগদ ১২ লাখ টাকা লুট করে ডাকাত দল পালিয়ে যায়।
খবর পেয়ে আশপাশের লোকজন পুত্রবধু মারিয়াকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসার পর জ্ঞান ফিরলে পরে তাকে বাড়ি নিয়ে আসা হয়। খবর পেয়ে প্রবাসী আলতাফ হোসেন বাড়িতে আসেন। সন্ধ্যায় মির্জাপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন