গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, পাম্পে এখনো দীর্ঘ লাইন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ । ১২:৫৩ অপরাহ্ণ

অসহনীয় গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি তেল পেতে ভোগান্তিতে পড়ছেন চালকরা। চাপ কিছুটা কমলেও অনেক ক্ষেত্রে ৭ থেকে ৮ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তেল মিলছে।

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে এটি এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। মূল্যবৃদ্ধির পরও জ্বালানির চাহিদায় বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। পাশাপাশি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কয়েকটি পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ ছাড়া তেল সরবরাহ করা হচ্ছে না।

চালকদের অভিযোগ, ফুয়েল পাস থাকলে নির্ধারিত পরিমাণ তেল দেওয়া হচ্ছে, তবে যাদের কাছে এই অ্যাপ নেই, তারা অনেক ক্ষেত্রে তেল পাচ্ছেন না। এতে ভোগান্তি আরও বেড়েছে। তারা বলছেন, দাম বাড়লেও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ডিপো থেকে অকটেন ২০ শতাংশ এবং পেট্রোল ও ডিজেল ১০ শতাংশ বেশি সরবরাহের কথা থাকলেও বাস্তবে সব ডিপোতে তা কার্যকর হয়নি। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও কেবল খুলনা ডিপোতে বাড়তি সরবরাহ দেখা গেছে। অন্য ডিপোগুলোতে আগের বরাদ্দ অনুযায়ী তেল বিতরণ চলছে।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে জ্বালানি সরবরাহ কিছুটা বেড়েছে, তবে এখনো পূর্ণ চাহিদা মেটানো সম্ভব হয়নি। আগে যেখানে ৭ থেকে ৮ হাজার ইউনিট সরবরাহ করা হতো, এখন তা বেড়ে প্রায় ৯ হাজার ইউনিটে পৌঁছেছে।

ফুয়েল পাস ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে অবৈধ মজুত কমবে বলেও আশা করা হচ্ছে। পাম্প মালিকদের দাবি, নির্ধারিত নিয়ম অনুযায়ী ফুয়েল পাস ব্যবহারকারীদেরই তেল দেওয়া হচ্ছে।

জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য এই অ্যাপ চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে সফল হলে ধাপে ধাপে দেশের সব ধরনের যানবাহনের জন্য এটি চালু করা হবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন