ভূঞাপুরে বিসিজি টিকার পরিবর্তে শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন, আতঙ্ক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬ । ৬:৩৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে দুই ডোজ জলাতঙ্কের (র‍্যাবিক্স) ভ্যাকসিন দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৩০ দিন বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত ইপিআই টিকা দেয়ার জন্য তার মা মৌ খাতুন দুপুরে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদিন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর দায়িত্ব পালন করার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।

অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের নির্দেশে পিআরএলে (অবসরোত্তর ছুটি) থাকা সাবেক স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে এনে টিকা দেয়ার দায়িত্ব দেয়া হয়।

স্বাস্থ্যসেবা নিশ্চিতে টাঙ্গাইলের চরাঞ্চলে হাসপাতাল গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু
কাইয়ুম শিশু ফাতিহার শরীরে ভুলবশত হামের টিকার বদলে দুই ডোজ কুকুরের কামড়ে সৃষ্ট জলাতঙ্ক প্রতিরোধী ‘র‍্যাবিক্স’ ভ্যাকসিন প্রয়োগ করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা প্রতিবাদ করলে ওই স্বাস্থ্য কর্মী তাদের সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

শিশুটির মা মৌ খাতুন বলেন, আমার এক মাসের বাচ্চাটার শরীরে কুকুরের টিকা দিয়ে দিল! প্রতিবাদ করতে গেলে উল্টো আমাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। বাচ্চাটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমরা এই ঘটনার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, অসাবধানতাবশত এমনটি হয়ে গেছে।

অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল। ভ্যাকসিন প্রয়োগে আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। জলাতঙ্কের এই ভ্যাকসিনে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবুও পরিবারের সদস্যদের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন