টাঙ্গাইলের ঘাটাইল বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ৯টা থেকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে। পরে রাতভর ভোট গণনা শেষে শনিবার (২৩ মে) সকাল ৯টায় প্রিজাইডিং অফিসার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এতে দেখা যায় সভাপতি পদে মোহাম্মদ হুমায়ুন খালিদ এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মাহবুব আলম নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার মোঃ কবিরুল ইসলাম জানান, উপজেলার ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১ হাজার ৩৪ জন ভোটারের মধ্যে ৯৭৪ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৪৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনকে কেন্দ্র করে দিনব্যাপী শিক্ষক সমাজের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শেষে প্রার্থীদের সমর্থক ও সাধারণ শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন— কার্যকরী সভাপতি এবিএম শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ রফিকুল ইসলাম মিয়া, সহ-সভাপতি মোঃ আব্দুল বাতেন মিয়া, বায়তুল্লাহ আল মামুন ও মোরশেদা আক্তার, কার্যকরী সাধারণ সম্পাদক মির্জা ইউনুস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম সুজন ও গোপীনাথ সরকার, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম এবং মহিলা যুগ্ম সম্পাদক রেবেকা সুলতানা সেতু।
সহ-সম্পাদক পদে মোঃ মোশারফ হোসেন ও মোঃ মোস্তাফিজুর রহমান, মহিলা সম্পাদক শায়লা সুলতানা, সহ-মহিলা সম্পাদক এলিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক মোঃ মইনুল হাসান জনি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম ও মোঃ সোহেল রানা, অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রিন্টু, দপ্তর সম্পাদক সাজ্জাদুল আলম লাবু নির্বাচিত হয়েছেন।
এছাড়া শিক্ষা সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাহিত্য সম্পাদক মোঃ জাফর সাদিক, আইন সম্পাদক মোঃ আবু নাসির, তথ্য সম্পাদক জুলহাস উদ্দিন, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল, সমবায় সম্পাদক মোঃ মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আল মামুন তালুকদার, ক্রীড়া সম্পাদক এম খোরশেদ আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ খালিদ হাসান খোকন, কাব স্কাউট সম্পাদক এস এম সোহেল রানা,
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক খন্দকার আবু শাহমা, সংস্কৃতি ও বিনোদন বিষয়ক সম্পাদক জনী সোম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুল ইসলাম এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে আকরাম হোসেন ও মোঃ রুবেল হোসেন, লোকমান হোসেন তালুকদার এবং মহিলা কার্যকরী সদস্য পদে আপিয়া জাহান, মানসুরা নিসরাত জাহান জুই নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার কবিরুল ইসলাম বলেন, শিক্ষকরা অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল ও আনন্দঘন।
প্রধান নির্বাচন কমিশনার আবদুল্লাহ আল আজাদ নবনির্বাচিত সভাপতির নিকট ফলাফল হস্তান্তর করে বলেন, “স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতার কারণেই আমরা একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ৩:১৯ অপরাহ্ণ