হজের ভাষণ : মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ৮:৪৮ অপরাহ্ণ

পবিত্র হজের ভাষণে মুসলিম উম্মাহর প্রতি তাকওয়া, ধৈর্য, সত্যবাদিতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। তিনি বলেন, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কই মুক্তির একমাত্র পথ। তাই প্রতিটি মুমিনের দায়িত্ব সবসময় রবের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করা।

মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটে হজের ভাষণ শুরু করেন তিনি। ভাষণে তিনি বলেন, আল্লাহ ছাড়া কারও ইবাদত করা যাবে না। মুসলমানদের তাকওয়া অবলম্বন করতে হবে এবং শুধু আল্লাহকেই ভয় করতে হবে।

জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধৈর্যশীলদের জন্য মহান আল্লাহ উত্তম প্রতিদানের ওয়াদা করেছেন আল্লাহ তায়ালা। তিনি আরও বলেন, তাওহিদের ওপর আমল করা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ এবং হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সর্বশেষ রাসুল।

ভাষণে আল্লাহর নেয়ামতের যথাযথ শুকরিয়া আদায় ও সঠিক ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়। তিনি বলেন, যেসব জাতি জুলুম ও অকৃতজ্ঞতায় লিপ্ত হয়েছে, আল্লাহ তাদের কাছ থেকে নেয়ামত কেড়ে নিয়েছেন।

হজযাত্রীদের উদ্দেশে শায়খ আল-হুজাইফি বলেন, সবসময় সত্য কথা বলতে হবে এবং মিথ্যা থেকে দূরে থাকতে হবে। নিয়মিত নামাজ আদায়, আল্লাহর জিকিরে মনোযোগী হওয়া এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনার আহ্বান জানান তিনি।

মুসলিম ঐক্যের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, ঝগড়া-বিবাদ থেকে বিরত থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যা মুসলমানদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করে।

ভাষণের শেষে তিনি হজের সব আনুষ্ঠানিকতা সুন্দরভাবে পালনের আহ্বান জানান এবং মুসলিম উম্মাহর আমল কবুল, গুনাহ মাফ ও সঠিক পথে পরিচালনার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

সূত্র : জিও নিউজ উর্দু

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন