সখীপুরে সড়কে মৃত্যু: সন্দেহভাজন সেই মোটরসাইকেল চালক গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুরে সড়কের ওপর পড়ে থাকা রক্তাক্ত অবস্থায় আউয়াল শফিকের মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে শাকিল খান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার প্রায় তিন সপ্তাহ পর গত বুধবার রাতে শাকিলকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার এসআই (তদন্ত) আজহারুল ইসলাম জানান, আউয়াল শফিকের মৃত্যু সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শাকিল বাসাইল উপজেলার বর্ণীকিশোরী গ্রামের কৃষক আতোয়ার খানের ছেলে। গত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপির আত্মীয় আউয়াল শফিক উপজেলার বোয়ালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের ছেলে। তিনি যাদবপুর ইউনিয়নে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ঘটনার দিন দুপুরে সখীপুর-বাসাইল সড়কের নলুয়া বাজারের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় আউয়াল শফিক সড়কে পড়ে যান। ওই সময় বিপরীত দিক থেকে আসা শাকিলের মোটরসাইকেল তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে শাকিলও সামান্য আহত হয়ে মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। পরে মোটরসাইকেল নিয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শাকিলের মোটরসাইকেল চালানোর ছবি পাওয়া যায়।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর দুপুরে সখীপুর-বাসাইল সড়কের নলুয়া বাজারের অদূরে সড়কের ওপর থেকে আউয়াল শফিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী তানিয়া আক্তার ৩ সেপ্টেম্বর সকালে অজ্ঞাত আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেন।







আপনার মতামত লিখুন
Array