নিখোঁজ ১৪ বছরের সবুজ, ৬ দিনেও মেলেনি সন্ধান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
নিখোঁজ ১৪ বছরের সবুজ, ৬ দিনেও মেলেনি সন্ধান

টাঙ্গাইলের সখীপুরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছরের কিশোর সবুজ। গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। এরপর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা।

নিখোঁজ সবুজের বাবা সিরাজ মিয়া (৪৫) নিজেও অটোভ্যান চালান। তিনি পরিবার নিয়ে সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাহারতা পশ্চিম এলাকায় ভাড়া থাকেন। সবুজ সখীপুর ও আশপাশের এলাকায় অটোভ্যান চালাত।

পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর ২৭ সেপ্টেম্বর গোপালপুর উপজেলার কালীবাড়ী বাজার এলাকা থেকে সবুজের অটোভ্যানটি উদ্ধার করা হয়। তবে এখনো সন্ধান মেলেনি সবুজের।

ছেলের সন্ধান না পেয়ে গত ২৯ সেপ্টেম্বর স্বজনদের নিয়ে সখীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সবুজের পরিবারের সদস্যরা। এ সময় নিখোঁজ সবুজকে খুঁজে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তারা।

সখীপুর থানার এসআই তাজ উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে। সখীপুর ও গোপালপুর থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সবুজ নিখোঁজ হওয়ার পর থেকে স্বজনদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ছুটছেন তার মা-বাবা। হাতে সন্তানের ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন তারা। ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে তাদের।

গোপালপুর থানার ওসি মো. রুহুল আমিন বলেন, সবুজের ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনকে চুরির মামলায় গোপালপুর থানা হয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে সবুজের নিখোঁজের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় কি না, তা পরবর্তীতে জানা যাবে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, নিখোঁজ সবুজের ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনকে চুরির মামলায় গোপালপুর থানা হয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে শবুজের নিখোঁজের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় কি না, তা পরবর্তীতে জানা যাবে।

তিনি আরও বলেন, সবুজকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ সার্বিক দিক বিবেচনায় নিয়ে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি kalbela.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।