কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে ইস্টার্ন মেডিকেল কলেজের পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি কলেজটির পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীর এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, বুধবার সকালে কলেজসংলগ্ন একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি আদনানের বলে শনাক্ত করেন।

পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আদনান তাঁর মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। এরপর গত ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও তাঁর মা গত ৩ নভেম্বর বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। এর মধ্যেই বুধবার সকালে কলেজের পাশের পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়।

ইস্টার্ন মেডিকেল কলেজের প্রতিনিধি খোরশেদ আলম জানান, কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি .ajkerpatrika.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।