ঢাকায় বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত চার
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকালে শাহ আলী থানার নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে সাতটার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে সকাল সাতটা ৩৮ মিনিটে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
কল্যাণপুর ফায়ার সার্ভিস স্টেশন জানায়, দুর্ঘটনাস্থল থেকেই চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে উদ্ধারকাজ শেষ করেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।






আপনার মতামত লিখুন