শহীদ নূর হোসেন দিবস আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
শহীদ নূর হোসেন দিবস আজ

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেমেগুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। তার আত্মত্যাগের মধ্য দিয়ে জোরদার হয় নব্বইয়ের গণআন্দোলন। পতন ঘটে এরশাদ সরকারের। একই সঙ্গে তার এই আত্মত্যাগের অনুপ্রেরণায় উৎস হয়ে আছে পরবর্তী সকল আন্দোলন-সংগ্রামেও।

এরশাদবিরোধী আন্দোলনে তখন উত্তাল ঢাকার রাজপথ। সচিবালয় ঘেরাও কর্মসূচিতে হাজারো মানুষের শ্লোগানে মুখরিত বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকা।

সেই মিছিলেই এক জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিলেন ২৪ বছর বয়সি এক তেজস্বী যুবক নূর হোসেন। তার বুকে সাদা রঙে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার এই সাহসী প্রতিবাদ সে সময় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

মিছিলটি যখন জিরো পয়েন্টের কাছে পৌঁছায়, ঠিক তখনই স্বৈরাচারী সরকারের নির্দেশে নেমে আসে নির্মম বুলেট। গুলিবিদ্ধ হয়ে রাজপথেই লুটিয়ে পড়েন নূর হোসেন। তার রক্তে রঞ্জিত হয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। নূর হোসেনের সেই আত্মত্যাগ সেদিন আন্দোলনের পরিণতি নির্ধারণ করে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মঙ্গলবার সকালে গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে।

এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকাল ৪টায় তোপখানা রোডে দলটির প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক এ সভায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

সংবাদটি barta24.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।