পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৭৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৭৪

আফগানিস্তান সীমান্তসংলগ্ন পাকিস্তানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে গত ১০ দিনে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এপি।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মির আলী ও ওড়াকজাই জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৩ জন নিহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত ৩ নভেম্বর থেকে বেলুচিস্তান প্রদেশে পৃথক কয়েকটি অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে আরও ৩১ জন নিহত হন বলে জানিয়েছে সেনাবাহিনী। বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)-এর তৎপরতাকেন্দ্রিক রক্তক্ষয়ী সংঘাতে দীর্ঘদিন ধরে উত্তপ্ত রয়েছে এই প্রদেশটি।

এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে গোষ্ঠীগুলোকে সহায়তার যে অভিযোগ রয়েছে, তা বরাবরই অস্বীকার করে আসছে কাবুল।

আফগানিস্তানের তালেবানের মিত্র হলেও পাকিস্তানি তালেবান একটি আলাদা গোষ্ঠী, যারা ২০২১ সালে কাবুলে পুনরায় ক্ষমতায় আসা তালেবানের সঙ্গে আদর্শগতভাবে যুক্ত। পাকিস্তানি তালেবানের (টিটিপি) অনেক শীর্ষ নেতা ও যোদ্ধা আফগান সীমান্ত পেরিয়ে নিরাপদ আশ্রয়ে থেকে কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। আর এই সীমান্ত নিরাপদ আশ্রয়স্থল ইস্যু দীর্ঘকাল ধরে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনার প্রধান উৎস হিসেবে কাজ করে আসছে।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।