ঘাটাইলে অভিনব কায়দায় ধ্বংস করা হচ্ছে শাল-গজারি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
ঘাটাইলে অভিনব কায়দায় ধ্বংস করা হচ্ছে শাল-গজারি

ঘাটাইলে সাগরদিঘি বন বিট এলাকায় অবাধে কেটে নেওয়া হচ্ছে পরিবেশবান্ধব শাল-গজারি গাছ। দিন কিংবা রাত সুযোগ পেলেই কাটা হচ্ছে মূল্যবান এ গাছ। প্রকাশ্যে সংরক্ষিত বনের শাল-গজারি কাটার মহোৎসব চললেও বিষয়টি যেন একেবারেই নজরে আসছে না সংশ্লিষ্ট সাগরদিঘি বিট কর্মকর্তার। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তা ও প্রহরীদের উদাসীনতা এবং রহস্যজনক নীরবতার কারণেই দিন দিন বেপরোয়া হয়ে উঠছে শাল-গজারি কাঠ পাচারকারীরা। বিভিন্ন সময় তাদের জানানোর জন্য ফোন করলেও তা রিসিভ না করে দায়িত্ব এড়িয়ে যান বলেও অভিযোগ রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে। স্থানীয়রা জানান, উপজেলার সাগরদিঘি বিটের আওতাধীন বনাঞ্চলে প্রতিদিন কোনো না কোনো স্থান থেকে গজারি গাছ কেটে নেওয়া হচ্ছে। বিভিন্ন যানবাহনের মাধ্যমে এসব গাছ পাচার হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ফলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এসব গজারি গাছ সাবাড় হয়ে একদিকে যেমন রূপ হারাচ্ছে সবুজ প্রকৃতির, অন্যদিকে জীববৈচিত্র্যে দেখা দিয়েছে বিপর্যয়। এ বিষয়ে অভিযুক্ত কাঠ ব্যবসায়ী আসলাম ভুইয়ার কাছে জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। সাগরদিঘি বিট কর্মকর্তা ইউনুস আলী বলেন, আমি তো একটু দূরে ছিলাম যার ফলে আমার জানা নেই। খোঁজ নিয়ে জেনে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি jugantor.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।