যুদ্ধের পরিবেশগত ক্ষতির দায় কে নেবে, প্রশ্ন উঠছে কপ-৩১ সম্মেলনে
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হলেও যুদ্ধের কারণে সৃষ্ট পরিবেশদূষণ ও কার্বন নিঃসরণ আন্তর্জাতিক আলোচনায় যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। ইরান, গাজা ও লেবাননে সামরিক সংঘাতের ফলে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের যে দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে, তা জলবায়ু সুরক্ষার বৈশ্বিক প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করছে।
অথচ তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে যুদ্ধের পরিবেশগত প্রভাব নিয়ে আলাদা কোনো বিষয় রাখা হয়নি। যুদ্ধের সময় সরাসরি হামলা ও বিস্ফোরণের পাশাপাশি জ্বালানি পোড়ানো, অস্ত্র উৎপাদন ও পরিবহন, অবকাঠামো ধ্বংস এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের কারণেও বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়। একই সঙ্গে মাটি, পানি, বনভূমি ও জীববৈচিত্র্যের ওপর দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব পড়ে।
বিজ্ঞাপন
ইরানে হামলায় বিপুল কার্বন নিঃসরণের দাবি
কপ-৩১ সম্মেলনে দেওয়া বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের পরিবেশগত ক্ষতির বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, যুদ্ধ শেষ হলেও এর পরিবেশগত ধ্বংসযজ্ঞের প্রভাব দীর্ঘদিন থেকে যায়। ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে বিপুল পরিমাণ দূষণকারী পদার্থ ও গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।
পেজেশকিয়ানের বক্তব্যে উল্লেখ করা মূল্যায়ন অনুযায়ী, দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলায় প্রায় পাঁচ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হয়েছে। এ ছাড়া তেহরানের আশপাশের জ্বালানি সংরক্ষণাগারে হামলায় আরও প্রায় ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে বলে দাবি করা হয়।
ইরানের পরিবেশ বিভাগের উপদেষ্টা আলী-মোহাম্মদ তাহমাসবি বিরগানির প্রাথমিক হিসাব অনুযায়ী, দেশটিতে ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ এবং ২০২৬ সালের ৪০ দিনের সংঘাতে পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ২৫০ ট্রিলিয়ন রিয়াল, যা প্রায় ৯ কোটি ২৬ লাখ ডলারের সমান। এ হিসাবের মধ্যে সংরক্ষিত বনাঞ্চল ও অন্যান্য প্রাকৃতিক এলাকায় সরাসরি ক্ষতির পাশাপাশি দাবানল থেকে কার্বন নিঃসরণ, বায়ুদূষণ এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
এপ্রিল মাসে লাভান তেল শোধনাগার কমপ্লেক্সে হামলার পর পারস্য উপসাগরের কিছু উপকূলীয় এলাকায় তেলদূষণের খবরও জানিয়েছিল ইরানের পরিবেশ কর্তৃপক্ষ। এর মধ্যে বিপন্ন সামুদ্রিক প্রাণী ও প্রবালপ্রাচীরের আবাসস্থল শিদভার দ্বীপও রয়েছে। তবে এ দূষণের পূর্ণ পরিবেশগত প্রভাব এখনো বৈজ্ঞানিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
গাজায় মাটি, পানি ও কৃষিজমির ক্ষতি
গাজায় ইসরাইলের সামরিক অভিযানের ফলে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) মূল্যায়নেও উঠে এসেছে। ২০২৫ সালের মূল্যায়ন অনুযায়ী, ওই বছরের মে মাস পর্যন্ত গাজার ৯৭ দশমিক ১ শতাংশ গাছের ফসল, ৮২ দশমিক ৪ শতাংশ মৌসুমি ফসল এবং ৯৫ দশমিক ১ শতাংশ ঝোপঝাড় ক্ষতিগ্রস্ত হয়েছিল।
মূল্যায়নের সময় গাজার কোনো বর্জ্যপানি শোধনাগার সচল ছিল না। পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামো ধ্বংস হওয়ায় ভূগর্ভস্থ পানি এবং উপকূলীয় এলাকায় দূষণ বেড়েছে। কৃষিজমি ধ্বংস, অবিস্ফোরিত অস্ত্রের অবশিষ্টাংশ এবং অপরিশোধিত পয়োবর্জ্যের কারণে খাদ্য উৎপাদন ও নিরাপদ খাবার পাওয়ার সুযোগও বাধাগ্রস্ত হয়েছে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান কপ-৩১ সম্মেলনে গাজার পরিবেশগত বিপর্যয়ের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, গাজায় শতাব্দীপ্রাচীন জলপাইগাছ ধ্বংস হয়েছে, মাটি ও পানি দূষিত হয়েছে এবং বিস্তীর্ণ নগর এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবকাঠামো ধ্বংসের সঙ্গে ভারী বৃষ্টি ও বন্যা যুক্ত হয়ে তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
‘ওয়ান আর্থ’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণার হিসাব অনুযায়ী, গাজায় যুদ্ধের প্রথম ১৫ মাসে সরাসরি সামরিক তৎপরতা এবং সংশ্লিষ্ট অন্যান্য উৎস মিলিয়ে প্রায় ৩ কোটি ৩২ লাখ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়েছে।
লেবাননেও বনভূমি ও কৃষিজমির ক্ষতি
লেবাননেও ইসরাইলি সামরিক অভিযানের কারণে বনভূমি, কৃষিজমি, পানিসম্পদ ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ লেবাননে সাদা ফসফরাস ব্যবহারের সঙ্গে কৃষিজমি ও গাছপালায় আগুন ছড়িয়ে পড়ার ঘটনা সংশ্লিষ্ট বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুদ্ধের কারণে বিদ্যুৎ ও অন্যান্য অবকাঠামো ধ্বংস হওয়ায় অনেক এলাকায় মানুষকে ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে দূষণ আরও বাড়ছে। এ ছাড়া যুদ্ধের পর ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও শহর পুনর্নির্মাণেও বিপুল কার্বন নিঃসরণের আশঙ্কা রয়েছে।
কপ-৩১-এর আনুষ্ঠানিক আলোচনায় নেই যুদ্ধ
যুদ্ধের পরিবেশগত প্রভাব নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ থাকলেও কপ-৩১-এর আনুষ্ঠানিক কর্মসূচিতে এ বিষয়ে আলাদা কোনো দিবস বা বিশেষ উদ্যোগ নেই। কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিইওবিএস) নামের সংস্থাটি সম্মেলনের আগে প্রকাশিত এক বিশ্লেষণে বিষয়টি নিয়ে উদ্বেগ জানায়।
সংস্থাটির মতে, চলমান যুদ্ধ, নিরাপত্তাহীনতা ও বহুপক্ষীয় সহযোগিতা দুর্বল হয়ে পড়ার বিষয়গুলো জলবায়ু মোকাবিলার বৈশ্বিক উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। অথচ সামরিক খাতের কার্বন নিঃসরণ এবং পরিবেশগত ক্ষতির তথ্য প্রকাশেও স্বচ্ছতা কমছে।
সিইওবিএসের দাবি, বিশ্বের দুই বৃহৎ সামরিক ব্যয়কারী দেশ যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক খাতের নিঃসরণ সংক্রান্ত তথ্য গত বছরের প্রতিবেদনে অনুপস্থিত ছিল। সংস্থাটি আরো বলেছে, ২০২৪ সালে সামরিক খাতে প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় করলেও সম্মেলনের আয়োজক তুরস্ক তাদের সামরিক নিঃসরণ ‘ঘটেনি’ বলে জানিয়েছে।
এ ধরনের তথ্য প্রকাশে ঘাটতি থাকলে যুদ্ধের প্রকৃত পরিবেশগত ক্ষতি নিরূপণ কঠিন হয়ে পড়ে। ফলে দায়ী পক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় কিংবা ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনরুদ্ধার কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করাও জটিল হয়ে যায়।
যুদ্ধের ক্ষতির দায় কে নেবে?
জাতিসংঘের জলবায়ু কাঠামোর আওতায় দেশগুলোকে বিভিন্ন অর্থনৈতিক খাতের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হিসাব দিতে হয়। কিন্তু যুদ্ধের কারণে সৃষ্ট নিঃসরণ পরিমাপ, দায় নির্ধারণ এবং পরিবেশগত ক্ষতির ক্ষতিপূরণ আদায়ের জন্য এখনো সর্বসম্মত কোনো আন্তর্জাতিক ব্যবস্থা নেই।
এই দায় শুধু সরাসরি যুদ্ধে অংশ নেওয়া দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। অস্ত্র সরবরাহকারী, অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং যুদ্ধের অর্থায়ন ও সমর্থনকারী দেশগুলোর ভূমিকার বিষয়টিও আলোচনায় আসছে।
ইউরোপীয় লিডারশিপ নেটওয়ার্কের বিশ্লেষক নিকিতা গ্রিয়াজিনের এক নিবন্ধে কপ-৩১-এর আলোচনায় যুদ্ধ ও জলবায়ুর সম্পর্ককে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেখানে নিয়মিত সংলাপের ব্যবস্থা, সামরিক নিঃসরণ ও পরিবেশগত ক্ষতি পরিমাপের পদ্ধতি তৈরি এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনকে পরিবেশবান্ধব করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে লেবাননের পরিবেশমন্ত্রী তামারা এল জেইন দেশটির আলোচক দলকে যুদ্ধের পূর্ণ জলবায়ুগত প্রভাব নিয়ে সম্মেলনে নির্দিষ্ট প্রস্তাব উত্থাপনের নির্দেশ দিয়েছেন। অস্ত্র উৎপাদন ও পরিবহন থেকে শুরু করে যুদ্ধের সময় পরিবেশ ধ্বংস এবং পরবর্তী পুনর্গঠনের নিঃসরণ—সবকিছুকে হিসাবের আওতায় আনার দাবি জানিয়েছে দেশটি।
জর্ডানও কপ-২৯ সম্মেলনে গাজা পুনর্গঠনের পরিবেশগত ব্যয় তুলে ধরেছিল। ফিলিস্তিন কপ-৩০-এ যুদ্ধের নিঃসরণ ও পরিবেশ ধ্বংসের বিষয়টি উত্থাপন করে। ইয়েমেন ও সোমালিয়াও সংঘাতকবলিত দেশগুলোর জন্য জলবায়ু তহবিলে ন্যায্য প্রবেশাধিকারের দাবি জানিয়েছে।
তবে এসব উদ্যোগ এখনো যুদ্ধের পরিবেশগত ক্ষতি পরিমাপ, দায় নির্ধারণ ও ক্ষতিপূরণ নিশ্চিত করার কোনো সমন্বিত আন্তর্জাতিক ব্যবস্থায় রূপ নেয়নি। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিল্প ও জ্বালানি খাতের নিঃসরণকে হিসাবের আওতায় আনা হলেও যুদ্ধের কারণে সৃষ্ট বিপুল পরিবেশগত ক্ষতির দায় কীভাবে নির্ধারণ করা হবে, সেই প্রশ্ন কপ-৩১-এর আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: প্রেস টিভি, দ্য নিউ আরব, কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ও কপ-৩১-এর আনুষ্ঠানিক নথি






আপনার মতামত লিখুন