থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের তাণ্ডবে জেলাজুড়ে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাশিয়ানীতে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের অফিস ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি লকডাউন কর্মসূচি ঘিরে গতকাল বুধবার দিনভর জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করে।
আহত পুলিশ সদস্যের নাম আবু আলম। তিনি বরগুনা পুলিশ লাইনস থেকে কাশিয়ানীতে দায়িত্ব পালন করতে আসেন। গতকাল বেলা ১১টার দিকে তাকে কাশিয়ানীর পাইলট স্কুলের সামনে কুপিয়ে জখম করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
টুঙ্গিপাড়ায় আওয়ামী তাণ্ডব চলছেই। নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটকের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। মঙ্গলবার সন্ধ্যার পর মাইকিং করে লোকজন জড়ো করা হয়।
একপর্যায়ে বিক্ষুব্ধরা থানার সামনে থাকা গাড়িতে আগুন দেন এবং থানা ও পুলিশ ব্যারাকে হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে হামলাকারীরা থানায় ঢুকে ভাঙচুর চালায়।
পুলিশের অভিযোগ, দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা থানায় প্রবেশ করে পুলিশের চারটি গাড়িতে আগুন দেয়। এ সময় থানা ও ব্যারাকেও অগ্নিসংযোগ করা হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায়। রাস্তায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করা হয়।
এরপর আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তার স্বজনদের ১০ থেকে ১৫টি বাড়িতে আগুন দেয়। এতে আসবাবপত্রসহ ঘরের মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা জানান, রাস্তায় ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি অনেক এলাকায় পৌঁছাতে পারেনি। টুঙ্গিপাড়ার নিলফা এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়।
যৌথ বাহিনীর সদস্যরা গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে বাধার মুখে পড়েন। সেখানে সংঘর্ষের একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। বিভিন্ন এলাকায় লোকজন আগের রাতের ঘটনা নিয়ে আলোচনা করলেও প্রকাশ্যে কথা বলতে অনেকে ভয় পাচ্ছেন।
সকালে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়নি। তবে বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবি সদস্য ও কয়েকটি গাড়ি দেখা যায়। কার্যালয়ের গেটে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সহিংসতার ঘটনায় পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পুলিশের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, গত মঙ্গলবার রাতের আঁধারে সদর উপজেলার বৌলতলীতে গ্রামীণ ব্যাংকে আগুন দেয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে, কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানানো হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।
কাশিয়ানী থানার ওসি সাজেদুর রহমান বলেন, গতকাল বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ পরিদর্শক তাদের সামনে ছিলেন। তখন তাকে কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তিনি আরো বলেন, কাশিয়ানী উপজেলা বিএনপির অফিসে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। কাশিয়ানী গ্রামীণ ব্যাংক অফিসেও আগুন দেওয়া হয়েছে।
এদিকে প্রায় আড়াই বছর পর জেলা শহরের চৌরঙ্গীতে মাইক টানিয়ে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ বাজিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া আজকের সর্বাত্মক লকডাউন সফল করতে গতকাল বিকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। এতে গোপালগঞ্জের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পাশাপাশি তারা দেশীয় অস্ত্র নিয়ে লকডাউনের পক্ষে শোডাউন করে। জেলার বিভিন্ন স্থানে মুজিবের ভাষণ বাজিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে সবাইকে লকডাউন সফল করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
এদিকে গতকাল বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টানান নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় তারা।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েক দিন ধরে তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাচ্ছে।
বুধবার এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
শরীফ রফিকুজ্জামান বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে বিজিবি সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।






আপনার মতামত লিখুন