টাঙ্গাইলে নবান্নের আমেজ: সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে নবান্নের আমেজ: সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস

হেমন্তের ভোরে শিশিরভেজা দুর্বাঘাস, হালকা কুয়াশার চাদর আর মিষ্টি রোদের ঝিলিক প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। টাঙ্গাইলের দিগন্তজোড়া ফসলি মাঠজুড়ে এখন মৃদু বাতাসে দোল খাচ্ছে পাকা আমন ধানের সোনালি শীষ। কোথাও চলছে ধান কাটার তোড়জোড়, আবার কোথাও কাটা ধান মাড়াই ও রোদে শুকিয়ে গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা।

একদিকে নতুন ধান ঘরে তোলার ব্যস্ততা, অন্যদিকে খেজুরের রস সংগ্রহ ও পিঠা-পায়েসের প্রস্তুতি- সব মিলিয়ে জেলার গ্রামীণ জনপদে বইছে আবহমান বাংলার নবান্ন উৎসবের আমেজ।

তবে বাম্পার ফলনের হাসি ছাপিয়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চাষাবাদের বাড়তি খরচ। সার, বীজ ও কীটনাশকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাজারে কৃত্রিম সংকটের কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ভালো ফলন পেয়েও লোকসানের শঙ্কায় দিন কাটছে প্রান্তিক চাষিদের।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি বছর জেলায় ১ লাখ ৪ হাজার ৫৯০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অনুকূল পরিবেশের কারণে আবাদ হয়েছে ১ লাখ ৬ হাজার ৪০ হেক্টর জমিতে- যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৪৫০ হেক্টর বেশি। এ ছাড়া চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫৯০ মেট্রিক টন।

সরেজমিনে জেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, পাকা ধানের মৌ মৌ গন্ধে মুখরিত চারপাশ। ধান কাটা ও মাড়াইকে কেন্দ্র করে কৃষক পরিবারগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ফসল ঘরে তোলার এই কর্মযজ্ঞে পুরুষের পাশাপাশি সমানতালে শ্রম দিচ্ছেন কৃষাণীরাও।

মাঠে কর্মরত একাধিক কৃষাণীর সঙ্গে কথা বলে জানা যায়, ধান কাটা, মাড়াই ও রোদে শুকানো পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করতে হয় তাদের। তবে গোলায় নতুন ধান ওঠার আনন্দে সব ক্লান্তি নিমেষেই মিলিয়ে যায়। সারা বছরের ভাতের জোগান নিশ্চিত করতে ধান সেদ্ধ করে সংরক্ষণের পাশাপাশি শীতকালীন পিঠা-পায়েস তৈরির জন্য আলাদাভাবে সেদ্ধ ছাড়া ধান রেখে দিচ্ছেন তারা।

প্রান্তিক কৃষকদের দাবি, নবান্নের প্রকৃত আনন্দ ধরে রাখতে এবং কৃষিকে বাঁচাতে হলে মৌসুমের শুরুতেই কৃষি উপকরণের বাজার কঠোরভাবে তদারকি করতে হবে। পাশাপাশি বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

স্থানীয় কৃষক আনিসুর রহমান, আমজাদ আলী, মনির হোসেন, খোরশেদ আলম, আক্কাছ আলী সহ অনেকেই জানান, আমনের চারা রোপণের পর থেকে সার-কীটনাশক প্রয়োগ ও নিবিড় পরিচর্যার দীর্ঘ প্রতীক্ষা শেষে আসে এই কাঙ্ক্ষিত মৌসুম। মাঠের ধান সোনালি রং ধারণ করলে মন আনন্দে ভরে ওঠে। নতুন ধান ঘরে ওঠার পরপরই বাড়ি বাড়ি শুরু হয় নবান্নের উৎসব।

নতুন চালের পিঠা-পায়েস তৈরি করে আত্মীয়-স্বজনদের আপ্যায়ন করা এ অঞ্চলের এক প্রাচীন ঐতিহ্য। পরিবারের সারা বছরের খোরাকির জন্য ধান রেখে অবশিষ্ট অংশ বাজারে বিক্রি করেই চলে তাদের সংসারের অন্যান্য ব্যয়। তবে নবান্নের এই আনন্দ-উৎসবের আড়ালেও লুকিয়ে আছে কৃষকের দীর্ঘশ্বাস।

কৃষক আব্দুল কাদের মোল্লা, নাজমুল আলম, আব্দুল খালেক, আরশেদ আলী, আব্দুস সামাদ সহ অনেকেই আক্ষেপ করে জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন খুব ভালো হয়েছে। কিন্তু মৌসুমের শুরু থেকেই সার ও কীটনাশকের দাম ছিল আকাশছোঁয়া। তার ওপর প্রয়োজনের সময় বাজারে উপকরণের কৃত্রিম সংকট তৈরি করায় বাড়তি দামে সার-কীটনাশক কিনতে হয়েছে। এতে বিঘাপ্রতি উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ফলে বাম্পার ফলন হয়েও কাঙ্ক্ষিত লাভ না হওয়া এবং লোকসানের আশঙ্কা রয়েছে।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ মাঠপর্যায়ের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে জানান, ইতোমধ্যে জেলার মোট আবাদকৃত জমির ২০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবং পুরো ধান কাটা শেষ হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।