নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিরাপত্তার ঝুঁকিতে থাকা ২০ জন রাজনীতিবিদকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আরও জানান, আক্রান্ত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদককেও নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই তথ্য জানান।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ৫০ জনের মতো তালিকা আছে, যারা আক্রান্ত হতে পারেন- এ বিষয়ে উপদেষ্টা বলেন, যারা হিটলিস্টে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদের আমরা গানম্যান দিয়ে দিয়েছি। আমাদের যে ডিজিএফআই, এনএসআই এবং এসবি আছেন- তারা নিজেরা বসে কারা কারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের তালিকা করেছেন। তাদের গানম্যান দেওয়া হয়েছে, অনেকে অবশ্য গানম্যান নিতেও চাননি।
এ পর্যন্ত ২০ জনের মতো ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। ২০ জনের সবাই রাজনীতিবিদ কি না জানতে চাইলে উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সংবাদটি dailysangram.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।