টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

টাঙ্গাইলে জেলা জাতীয় পার্টি (কাদের) থেকে পদত্যাগ করে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপির প্রচার সম্পাদক ও সদর আসনে এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় টুকু নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন—সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান ও ওয়ার্ড সভাপতি জিন্নাহ খান প্রমুখ।

তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সুলতান সালাউদ্দিন টুকু জানান, বিএনপি কখনো ক্ষমতার লোভে রাজনীতি করে না; বিএনপির রাজনীতি মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন—এটাই প্রমাণ করে বিএনপি এখন জনগণের আস্থার প্রতীক ও শেষ ভরসা। তিনি নির্বাচিত হতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ও সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জী এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি kalerkantho.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।