গোপালপুর ডাকবাংলোয় ঝুঁকি নিয়ে রাত যাপন
ষাটের দশকে নির্মিত হয়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সরকারি ডাকবাংলো। জেলা পরিষদ নির্মিত এ ডাকবাংলোটির এখন করুণ দশা। সাম্প্রতিক ভূমিকম্পে ভবনটির কয়েক স্থানে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। বিপজ্জনক ভবনটি যেকোনো সময় ধসে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এখানে রাত যাপন করেন অতিথিরা।
বাজেট না থাকায় নতুন বাংলো নির্মাণ সম্ভব নয় বলে জানিয়েছে টাঙ্গাইল জেলা পরিষদ।
খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহ জেলার অধীনে টাঙ্গাইল মহকুমা থাকাবস্থায় ১৯৬২ সালে গোপালপুর থানা সদরের কোনাবাড়ীতে ৬৯ শতাংশ জমিতে জেলা পরিষদের দুই কক্ষ বিশিষ্ট একতলা বাংলো ভবনটি নির্মিত হয়। গোপালপুরে তখন কয়েকটি পাট বেলিং কারখানা এবং সরকারি পাট ক্রয় কেন্দ্র থাকায় আদমজীর ব্যবসায়ী এবং সরকারি-আধাসরকারি কর্মকর্তারা ব্যবসায়িক ও সরকারি কাজে এলে জেলা পরিষদের এ বাংলোতে উঠতেন।
৬৯ সালে টাঙ্গাইল জেলায় রূপান্তরিত হলে এ ডাকবাংলোর দেখভালের দায়িত্ব পায় টাঙ্গাইল জেলা পরিষদ। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এটি থানা সদরের একমাত্র পাকা ভবন হওয়ায় ডাকবাংলোটি পাকিস্তানি বাহিনীর প্রশাসনিক কেন্দ্রে পরিণত করে। সেই সময় এক যুদ্ধে ডাকবাংলোর একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
৮০ সালে টাঙ্গাইলের তদানীন্তন জেলা প্রশাসক মো. রেজাউল করিম বাংলোর ক্ষতিগ্রস্ত অংশ পুনঃসংস্কার করেন। ২০০০ সালে একতলা পুরোনো ভবনের সাথেই দুই কক্ষ বিশিষ্ট একটি আলাদা দ্বিতল ভবন নির্মিত হয়। কিন্তু নির্মাণের কয়েক মাস পরেই নতুন ভবনের ছাদে ফাটল দেখা দেয়। সময়ের পরিক্রমায় এখন নতুন-পুরোনো দুই ভবনই ব্যবহারের অযোগ্য। পুরোনো ভবনের দেওয়াল ও ছাদে অসংখ্য ফাটল। বর্ষাকালে ছাদ চুঁইয়ে পানি পড়ে। ছাদের পলেস্তারা খসে পড়ে। ভবনের পিলারে ফাটল দেখা দিয়েছে। ছাদে গাছ-গাছালি গজিয়ে জঙ্গলে পরিণত হয়েছে। উভয় ভবনের জানালা দরজা ভাঙা। বাথরুম ব্যবস্থারের অনুপোযোগী। আধাপাকা কিচেন ব্যবহার অনুপযোগী হওয়ায় মেহমানদের জন্য কোনো রান্না হয় না। ডাইনিং রুম পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অনবরত পলেস্তারা খসে পড়ায় ছোট্ট মিলনায়তন ব্যবহার করা যায় না।
ডাকবাংলোর সাড়ে তিন ফুট উচ্চতার নিরাপত্তা দেওয়াল ডিঙিয়ে কুকুর, বিড়াল, ছাগল ঢুকে পরিবেশ নোংরা করে। বাংলোর উত্তর-পশ্চিমে চত্বরে বড় নর্দমা এবং অন্য দুই পাশ ঝোপঝাড়ে ভরপুর থাকায় মশামাছির উপদ্রব। সন্ধ্যার পর মাদকসেবীরা এখানে আড্ডা জমায়।
ডাকবাংলোর কেয়ারটেকার মো. আনিছুর রহমান জানান, সংস্কার ও মেরামতের অভাবে পুরো বাংলো বসবাসের অনুপযোগী। ভাঙা জানালা-দরজা দিয়ে চুরির আশঙ্কা থাকে। ঝড়বৃষ্টিতে আগত মেহমানরা এখানে অবস্থান করতে ভয় পান। উপজেলা সদরে সরকারি-বেসরকারি কোনো গেস্ট হাউজ বা অতিথিনিবাস না থাকায় নবাগত কর্মচারী-কর্মকর্তা, ব্যবসায়ী বা পর্যটকরা উপায়হীন হয়ে এখানে রাত যাপন করে।
ডাকবাংলোর করুণ দশার চিত্র তুলে ধরে আনিছুর আরও জানান, ২০১৪ সালে জেলা পরিষদ থাকার কক্ষের জন্য মাত্র দুই সেট লেপ-তোশক এবং ২০১৮ সালে দুই সেট চাদর সরবরাহ করে। বিগত ৮ বছরে আর কোনো লেপ-কম্বল বা চাদর সরবরাহ হয়নি। সময়মতো ভবনের চুনকামও করা হয় না। এক যুগ ধরে টুথপেস্ট-ব্রাশ, সাবান, হারপিক, টয়লেট বা টিসু পেপার সরবরাহ করা হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক টাঙ্গাইল জেলা পরিষদের একজন কর্মচারী জানান, তিন বছর আগে জেলা পরিষদ গোপালপুর ডাকবাংলো পুনঃসংস্কার এবং আসবাবপত্র সরবরাহের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়। সেই টাকায় সরকারি দলের এক ঠিকাদার ৫টি খাট, দুটি আলমিরা, দুটি ওয়ারড্রব, দুটি ট্যাংক সংস্কার এবং দুটি রুম চুনকাম করে দায়িত্ব সারে।
গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জেলা পরিষদ বাংলোর দুরবস্থার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ছয় দশকে গোপালপুরে সরকারি-আধা সরকারি বহু নতুন অফিস ভবন নির্মিত ও সংস্কার হয়েছে। কিন্তু জেলা পরিষদের সরকারি বাংলোটি একদম বসবাসের অনুপযোগী হয়ে রয়েছে। গোপালপুর উপজেলা শহরে সরকারি বা বেসরকারি কোনো আবাসিক হোটেল বা অতিথি ভবন নেই। কোনো সরকারি কর্মকর্তা কখনো অফিসিয়াল ট্যুরে এলে অথবা কেউ বদলি হয়ে এলে সাময়িক বসবাসের জন্য এ বিপজ্জনক ডাকবাংলোই একমাত্র ভরসা।
সামনে জাতীয় সংসদ নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় অনেক সরকারি কর্মকর্তা এখানে নির্বাচনি দায়িত্ব পালন করতে আসবেন। জেলা পরিষদের বসবাস অনুপযোগী এ বাংলোতে তারা কীভাবে অবস্থান করবেন তা নিয়ে উপজেলা প্রশাসন খুবই চিন্তিত। এখানে নতুন একটি ডাকবাংলো নির্মাণের জন্য কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে।
টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না জানান, টাঙ্গাইলে জেলা পরিষদের অধিকাংশ ডাকবাংলোর অবস্থা খারাপ। বর্তমানে টাঙ্গাইল সদর, বাশাইল এবং মির্জাপুরের গোড়াইয়ে নতুন ডাকবাংলো নির্মাাণের বাজেট পাওয়া গেছে। সামনের দিনে সরকারি বাজেট পাওয়া গেলে গোপালপুরকে অগ্রাধিকার দেওয়া হবে।






আপনার মতামত লিখুন
Array