ঘাটাইলে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একটি পুকুরে গোসল করতে নেমে হামিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। পরে প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোসলের একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান এবং আর ভেসে ওঠেননি। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে তিনি মৃত অবস্থায় ছিলেন।
নিহত হামিদুল ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তিনি কী কারণে ঘাটাইলে অবস্থান করছিলেন তা এখনো জানা যায়নি।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান শেষে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।






আপনার মতামত লিখুন
Array