ঘাটাইলে দুই শতাধিক ব্যালট ছিনতাই, বিএনপির ২ কর্মী আটক
টাঙ্গাইলের ঘাটাইলে ভোট কেন্দ্রে হামলা চালিয়ে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরবিহীন ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের সরাবাড়ী ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মৃত আ. মোতালেব মাস্টারের ছেলে মান্নান হোসেন এবং মৃত নওশের আলীর ছেলে আলমগীর হোসেন। তারা দুজনই ধানের শীষের সমর্থক।
সরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খাইরুল বাসার বলেন, সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে হচ্ছিল। হঠাৎ কয়েকজন এসে কেন্দ্রে হামলা করে। পরে তারা সহকারী প্রিজাইডিংয়ের স্বাক্ষর ছাড়া ২ শতাধিক ব্যালটের বই ছিনতাই করে নিয়ে যায়।
তিনি বলেন, তারা ধানের শীষের লোক বলে জানা গেছে। পরে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের ব্যালট নেওয়ার সময় দেখা গিয়েছিল বলে দায়িত্বরত পুলিশ সদস্য শনাক্ত করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান জানান, ব্যালটপেপার ছিনতাই সন্দেহে স্থানীয় দুইজনকে আটক করা হয়। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় মান্নানকে ৬ মাসের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।








আপনার মতামত লিখুন
Array