‘শ্রমিক-বিএনপি ভাই-ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’ স্লোগানে মিরপুরে বিএনপির লাঠিমিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
‘শ্রমিক-বিএনপি ভাই-ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’ স্লোগানে মিরপুরে বিএনপির লাঠিমিছিল

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আজও রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই দুপুরে ওই এলাকায় মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মিছিল থেকে ‘শ্রমিক-বিএনপি ভাই-ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় বিএনপির নেতাকর্মীরা এ মিছিল বের করেন। তাঁরা জানান, দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে অবস্থান নিতেই তাদের এই কর্মসূচি।

এর আগে সকাল ১০টা থেকে মিরপুর-১১ ও পল্লবী এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চললে পুরো এলাতায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

তবে বেলা পৌনে ১২টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। সকাল থেকে বন্ধ থাকা মিরপুর-১১ মেট্রোরেলস্টেশনও বেলা সাড়ে ১১টার দিকে খুলে দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। সাধারণ মানুষের উপস্থিতিও বেড়েছে। খুলেছে বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।

এদিকে দুপুর ১টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। পরে তারা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বর্তমানে মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি .ajkerpatrika.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।