ফেনী ফালাহিয়া মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া (অনার্স) কামিল মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌর প্রশাসক নুরদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও ফেনী পৌরসভার প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন মাদরাসার ফকিহ ও দারুল ইসলাম সোসাইটির চেয়ারম্যান মুফতি আবদুল হান্নান।
মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সদস্য একেএম সামছুদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন, মফিজুল হক খান ও সাবেক কাউন্সিলর ওমর ফারুক বেলাল।
অনুষ্ঠানে পঞ্চম, অষ্টম, দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৭৯ জন এবং জিপিএ-৫ পাওয়া ১৪১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।






আপনার মতামত লিখুন