ভূঞাপুরে অনুমোদনহীন চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রির দায়ে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি বাজারে অনুমোদনহীনভাবে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান পাথাইলকান্দি বাজারে একটি মা ও শিশু হাসপাতাল এবং এর সঙ্গে থাকা ওষুধের দোকান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওষুধ বিক্রি ও চিকিৎসাসেবা প্রদানের বিষয়টি প্রতীয়মান হয়। এতে সেবা গ্রহীতাদের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা থাকায় প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় পাথাইলকান্দি বাজারের হাঁড় জোড়া লাগানোর কবিরাজি ব্যবসায়ী রাশেদুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই ঘটনায় ওষুধ ব্যবসায়ী আশরাফুলকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের জীবন ও নিরাপত্তার স্বার্থে অনুমোদনহীন চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।







আপনার মতামত লিখুন
Array