প্রেমের টানে বাংলাদেশে ফিনল্যান্ডের যুবক: ধর্মান্তরিত হয়ে বিয়ে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
প্রেমের টানে বাংলাদেশে ফিনল্যান্ডের যুবক: ধর্মান্তরিত হয়ে বিয়ে

প্রেমের টানে সুদূর ফিনল্যান্ড থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করেছেন সিমোলা মিকা (৩৮) নামের এক ফিনিশ নাগরিক।

কনে শান্তিনা জাহান সিমি (২৮) সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রথম স্বামী মারা যাওয়ার পর তিনি তার ৫ বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়- ফিনল্যান্ডে বসবাসকারী শান্তিনার এক আত্মীয়ের মাধ্যমে মিকার সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল ফোনে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয় পরিবারের সম্মতিতে বিয়ে উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকার থেকে অনুমতি সনদ নেন মিকা। গত ২ অক্টোবর বাংলাদেশে এসে তিনি স্বেচ্ছায় খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন এবং জামালপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে নিজের নাম রাখেন ‘মিকাইল’। ওই দিনই ধর্মীয় শরিয়াহ ও রাষ্ট্রীয় আইন মেনে নিবন্ধিত কাজীর মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। মিকাইল শান্তিনার ৫ বছরের সন্তানকেও নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন।

বর্তমানে নতুন জীবনে তারা অত্যন্ত সুখে আছেন বলে জানিয়েছেন এই নবদম্পতি। আগামী ১৮ অক্টোবর মিকাইল ফিনল্যান্ডে ফিরে গিয়ে স্ত্রী ও সন্তানের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবেন। মেয়ের এই নতুন সূচনায় শান্তিনার বাবা রফিকুল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন।

তবে এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কোনো বিদেশি নাগরিক এলাকায় এসে বিয়ে করার বিষয়ে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পৌঁছায়নি।

সংবাদটি jamalpurnews24.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।