থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ফেসবুক লাইভে এসে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জয়নাল আবেদীন জিসান মুন্সী এক ছাত্রলীগ কর্মী ও জাহাঙ্গীর মুন্সির ছেলে। তার পৈতৃক বাড়ি মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে তার নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, জিসান বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। এ ছাড়া জেলার মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ছাত্রলীগ নেতা জিসানকে উল্লাস করতে দেখা গেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ ও নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে জিসানকে গ্রেপ্তার করে।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি dailyamardesh.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।