নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও তান্ডবের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টঙ্গী সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটাগেট, স্টেশনরোড, আনারকলিরোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে টঙ্গীবাজার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরণ। এতে আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মন্ডল, মাহমুদুল হাসান মিরন, বিল্লাল হোসেন সানি, মামুন পাঠান, মোহাম্মদ আলকাছ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ ফয়সাল হোসেন, আরিফ হোসেন প্রমুখ।
বক্তব্যে রাশেদুল ইসলাম কিরণ বলেন, টঙ্গীতে আওয়ামী অগ্নি-সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতা কোনোভাবেই মেনে নেয়া হবে না। আওয়ামী সন্ত্রাসীদের রুখে দিতে টঙ্গী বিএনপি রাজপথে রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশে যতই অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করুক না কেন তাদের আপা আর দেশে আসতে পারবে না।
এদিকে টঙ্গীতে পোশাকশ্রমিক আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহত করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন গাজীপুর মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।






আপনার মতামত লিখুন