‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’
ইসরাইলের ডানপন্থি রাজনৈতিক দল আওয়ার হোম পার্টির নেতা আভিগদর লিবারম্যান বলেছেন, অদূর ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে ইসরাইলের একতরফা সামরিক হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টার অভিযোগ তুলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিবারম্যান বলেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির বিষয়ে বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর মূল্যায়ন অত্যন্ত গুরুতর। তবে তা সত্ত্বেও ‘তাৎক্ষণিকভাবে ইরানে এককভাবে হামলা চালানোর মতো কোনো গোয়েন্দা তথ্য বা সামরিক কার্যক্রম পরিচালনার যৌক্তিক ভিত্তি নেই’।
নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে গঠিত বিরোধী জোটের অংশ লিবারম্যান। তিনি নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের সমালোচনা করে বলেন, তাদের অবস্থান ক্ষমতার প্রতি মোহ থেকেই পরিচালিত হচ্ছে। এর আগে কাৎজ বলেছিলেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলার বিষয়টি ইসরাইলের উড়িয়ে দেওয়া উচিত নয়।
লিবারম্যান বলেন, ‘তারা মরিয়া হয়ে নিজেদের পদ আঁকড়ে ধরে আছেন। দায়িত্ববোধ কিংবা বিচক্ষণতা—কোনোটিই তাদের প্রধান বৈশিষ্ট্য বলে মনে হচ্ছে না।’
এদিকে ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগকে ‘ভিত্তিহীন ও জালিয়াতিপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।






আপনার মতামত লিখুন