ঘাটাইলের পাকুটিয়া সৎসঙ্গ আশ্রম ‘নেতা’র পকেটে ভক্তদের চাঁদা

সূত্রঃ দৈনিক যুগান্তর
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
ঘাটাইলের পাকুটিয়া সৎসঙ্গ আশ্রম ‘নেতা’র পকেটে ভক্তদের চাঁদা

ঘাটাইল পাকুটিয়া সৎসঙ্গ আশ্রমের দায়িত্বপ্রাপ্ত সহসম্পাদক সুব্রত আদিত্যের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মানবসেবা কাজে ব্যয়ের জন্য সৎসঙ্গের শ্রীশ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের দীক্ষিত অর্ধকোটি ভক্তের দেওয়া ইষ্টভৃতির (চাঁদা) টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও হয়েছিল। সিলেটের জালালাবাদ থানার সৎসঙ্গ পল্লী করের পাড়াস্থ মৃত সুরেন্দ্র দেবের ছেলে শ্রীহট্ট সৎসঙ্গ বিহারের কার্যনির্বাহী কমিটির সদস্য সুকেশ চন্দ্র দেব বাদী হয়ে আট কোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ এনে এ মামলাটি করেছিলেন। মামলায় ঘাটাইলের পাকুটিয়া সৎসঙ্গ আশ্রমের দায়িত্বপ্রাপ্ত সহসম্পাদক সুব্রত আদিত্যসহ চারজনকে অভিযুক্ত করা হয়। এমন কর্মকাণ্ডে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে চাপা ক্ষোভ আর হতাশা।

জানা গেছে, ১৯৯৯ সালে সৎসঙ্গের সম্পাদক রাসবিহারী আদিত্য মারা যান। তার জীবদ্দশায় ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দেন তার এক ভাইপোকে। তিনি ছয় মাস দায়িত্ব পালন করেন। এরপর বিহারের ঠাকুর পরিবার সাবেক সম্পাদক রাসবিহারীর ছেলে ধৃতব্রত আদিত্যকে সম্পাদকের দায়িত্ব দেন। সহসম্পাদকের দায়িত্ব পান সুব্রত আদিত্য। নিয়ম অনুযায়ী সিগনেটরি বা সর্বময় ক্ষমতার অধিকারী হবেন সম্পাদক বা সভাপতি। কিন্তু পরবর্তীতে সুব্রত আদিত্য সহসম্পাদক থাকলেও বিভিন্ন প্রভাব খাটিয়ে ঠাকুর পরিবারের কাছ থেকে সিগনেটরির দায়িত্ব বাগিয়ে নেন। এর পর থেকেই তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সৎসঙ্গকে অসৎসঙ্গে রূপদান করেন। স্বেচ্ছাচারিতার মাধ্যমে সারা দেশের ঠাকুরপ্রেমে দীক্ষিত অর্ধকোটি ভক্তের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা পকেটস্থ করছেন। তবে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চান না। দীর্ঘদিন ধরে অনিয়মকে নিয়মে পরিণত করে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বিলাসবহুল জীবনযাপন করছেন। যার বেশ কিছু তথ্যপ্রমাণ যুগান্তরের হাতে রয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে, সারা দেশে শ্রীশ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের ভাবাদর্শে দীক্ষিত ভক্তরা প্রত্যুষে প্রার্থনাক্রমে প্রতি মাসে ঠাকুরের নামে ইষ্টভৃতি (চাঁদা) দিয়ে থাকেন, যা পাকুটিয়া শাখার পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা হয়। যার একক কর্তৃত্ব সুব্রত আদিত্যেসহ কয়েকজন। এ অর্থ কোথায় কীভাবে ব্যয় হয় তা অনেকটাই অন্ধকারে রয়ে যায়। আবার নাছোড়বান্দা কিছু সদস্য জানার আগ্রহ প্রকাশ করলেও তিনি (সুব্রত আদিত্য) তাদের ঠাকুরের অমর্যাদা হয় এমন কথা বলে তাদের স্থিমিত করে দেন। ফলে কেউ কিছু বলতে সাহস পান না। আবার অনেক পয়সাওয়ালা লোক তারা সারা জীবন শুধু চাঁদা দিয়েই যাচ্ছেন। তারা কখনো এর কোনো খোঁজ-খবর রাখেন না। আর এ টাকা দিয়েই সৎসঙ্গের সহসম্পাদক সুব্রত আদিত্য দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন রাজার হালে। তার এহেন কর্মকাণ্ডে অনেকের মধ্যেই চরম ক্ষোভ রয়েছে। ঠাকুরের অনুসৃত বাণী-‘মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর।’ ফলে তার উদ্দেশ্য ছিল মানবসেবামূলক প্রতিষ্ঠান যেমন-বেকারদের কর্মসংস্থানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, আদর্শ শিশুতোষ বিদ্যালয়, আদর্শ হাসপাতাল, আদর্শ কারিগরি বিদ্যালয় স্থাপন, দাতব্য চিকিৎসালয় প্রভৃতি প্রতিষ্ঠার মাধ্যমে মানবসেবায় আত্মনিয়োগ করা। অথচ পাকুটিয়ায় শুধু একটি সৎসঙ্গ তপোবন বিদ্যালয় ছাড়া কোনো প্রতিষ্ঠান নেই। সারা দেশে অর্ধকোটি ভক্ত মাসে কোটি কোটি টাকা দান করেন এ প্রতিষ্ঠানের নামেই। তাহলে কী হচ্ছে এ টাকায়, এ টাকা কোথায় যাচ্ছে-এর কোনো উত্তর নেই কারও কাছে। তবে লোক দেখানোর জন্য বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছু অনুদান দিয়ে বিল-ভাউচারের মাধ্যমেই দুর্নীতির অর্থকে জায়েজ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত সৎসঙ্গের সহসম্পাদক সুব্রত আদিত্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো সব মিথ্যে কথা। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই।’ সৎসঙ্গ আশ্রমের সভাপতি কুঞ্জবিহারী আদিত্য বলেন, সারা দেশ থেকে ভক্তের দেওয়া অর্থগুলো স্থানীয় ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। এ টাকা দিয়ে কিছু সংস্কার কাজ চলছে। আবার বার্ষিক বৃত্তি আছে। তাছাড়া বিভিন্ন দুর্যোগের সময় সহায়তা করা হয়।

সংবাদটি jugantor.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।