‘মধুর আমার মায়ের হাসি’
মা! এই একটি শব্দ শব্দের ব্যাপ্তি ছাড়িয়ে কখনো হয়ে উঠেছে একটি প্রতিষ্ঠান, কখনো আশ্রয়স্থল, আবার কখনো আস্থা বা নির্ভরতার প্রতীক। মা-সন্তানের ভালোবাসার তুলনা পৃথিবীতে অন্য কিছুর সঙ্গে করতে কাউকে শোনা যায়নি। তাইতো গীতিকার প্রণব রায়ের কলম থেকে বের হয়েছে সেই অমোঘ শব্দলিপি ‘মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মা’কে মনে পড়ে আমার আমার মা’কে মনে পড়ে’। মায়ের মধুর হাসিতে যেমন সন্তানের সকল সুখ তেমনি মায়ের থেকে দূরে থাকা বা পরপারে পাড়ি দেওয়া মায়েদের জন্য হাহাকার সব সন্তানের বুকেই। বর্তমান ডিজিটাল বিশে^ও মায়ের মর্যাদা কমেনি একফোঁটাও। সেই মা’কে সম্মান জানাতে প্রতিবছরের মতো আজ রোববার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হতে যাচ্ছে ‘বিশ্ব মা দিবস’। যদিও অনেকের মতে মাকে ভালোবাসা বা সম্মাননার জন্য নির্দিষ্ট কোনো দিবসের প্রয়োজন নেই। কিন্তু মা’কে নিয়ে একটি দিন উদযাপনেও বিরক্তি নেই কারো।
ব্যাংককর্মী অর্জুন সূত্রধর রাজধানীর একটি অভিজাত এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। মায়ের একমাত্র ছেলে হয়েও মাকে কাছে রাখতে পারেন না। কারণ তার গ্রামীণ জীবনে অভ্যস্থ মা শহরের ফ্ল্যাটবাড়িতে এলে কয়েক দিনের মধ্যেই হাঁপিয়ে ওঠেন। একপর্যায়ে শরীরে দেখা দেয় নানান ধরনের জটিলতাও। আবার গ্রামে ফিরে গেলে সব ঠিকঠাক। এদিকে নিজেও জীবিকা ছেড়ে চাইলেই মায়ের কাছে গিয়ে থাকতে পারেন না। তাই একবুক হাহাকার নিয়েই নগরজীবনে কাটছে মাবিহীন সোনার সংসার। আক্ষেপ করে বলেন, এখানে কোনো কিছুরই অভাব নেই। মা এলে আমি, আমার স্ত্রী-সন্তান আনন্দে আত্মহারা হয়ে দিন পার করি। কিন্তু মায়ের মন পড়ে থাকে গ্রামে। কোথাও বেড়াতে নিয়ে গেলেও মুখ কালো করে রাখে। আবার সেই মা’ই গ্রামে কাটান প্রাণোচ্ছল দিন। তাই বাধ্য হয়ে মাকে গ্রামে রেখে আসতে হয় প্রতিবার। ঈদ, পূজা-পার্বণের বিভিন্ন ছুটি-ছাঁটায় মায়ের কাছে ছুটে গেলে ‘মা’ দিবসটা মায়ের সঙ্গেই বাড়িতে কাটাই। সব কিছুরই উদযাপন হয় তাই ‘মা’ দিবসের উদযাপন কেন নয়? সবাই মিলে দিনভর মাকে ঘিরে হৈ-হুল্লোড় করে কাটিয়ে দিই সারাটা দিন।
তবে মায়ের কথা জিজ্ঞেস করতেই ঘনকালো মেঘ জমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহানের। অন্যান্য দিন যেমন তেমন ‘মা’ দিবসে সারা দিন রুম থেকে বের হন না জানিয়ে মেধাবী এই শিক্ষার্থী বলেন, আমার জন্মের সময়ই মাকে হারিয়েছি। শুধু ছবিতে দেখেছি মা দেখতে কেমন ছিলেন। স্কুলে যখন অন্য বন্ধুরা মায়ের হাত ধরে আসত তখন আমাকে পরিবারের অন্য কারো হাত ধরে হাঁটতে হয়েছে। বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দেখি মা দিবসকে ঘিরে বন্ধুদের কত উচ্ছ্বাস। কিন্তু আমার এসব দেখে একবুক কান্না ছাড়া আর কিছুই আসে না। মাকে যে আমার মনে পড়বে সেই স্মৃতিটুকুও তো নেই।
অর্জুন-ইশরাতের মতো হাজারো সন্তান মাকে হারিয়ে বা মায়ের কাছ থেকে দূরে থাকার আক্ষেপে দিন পার করলেও মা দিবস ঘিরে প্রতিবছরই থাকে সব সন্তানেরই আলাদা আগ্রহ। যারা মায়ের সঙ্গে থাকেন তারা কেউ কেক কেটে, কেউ বা মাকে পছন্দের স্থানে ঘুরতে নিয়ে গিয়ে, আবার কেউ মায়ের পছন্দের উপহার দিয়ে উদযাপন করেন দিবসটি। আবার যারা দূরে থাকেন বা ব্যস্ততার কারণে মায়ের কাছে যেতে পারেন না তারাও অন্তত মুঠোফোনে মাকে জানান আবেগের কথা। কেউ মুখ ফোটে বলেন, মা’কে ভালোবাসি কেউ বা হাসিতে ভরিয়ে দেন মায়ের প্রাণ।
বিপরীত চিত্রও রয়েছে দেশের আনাচ-কানাচে। কিছু বিপথগামী সন্তান মাদকের নেশায়, সম্পদের দাবিতে, প্রেমে ব্যর্থতার দায়ে মাকে খুন পর্যন্ত করতে পিছপা হন না। এমনই একজন অভাগিনী মা ছিলেন কুষ্টিয়া জেলার মিরপুরের মমতাজ বেগম। শুধু সম্পদের লোভে তার ছেলে মুন্না বাবু তার চাচা এবং এক বন্ধুকে সঙ্গে নিয়ে মাকে খুন করেন ২০২১ সালে। স্বামী মারা যাওয়ার পর তিন মেয়ে থাকতেও মমতাজ বেগম একমাত্র ছেলে মুন্না বাবুকে বেঁচে থাকার অবলম্বন মনে করে তার সঙ্গেই বসবাস করতেন। কিন্তু তার সেই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ায়। ওই বছর গলায় রশি পেঁচিয়ে মমতাজ বেগমকে হত্যা করে মুন্না ও তার সহযোগীরা। এরপর মরদেহ বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়। মাদকাসক্ত মুন্না সম্পদের লোভে নিজের জন্মদাত্রী মাকে খুন করতেও দ্বিধা করেনি। ২০২৪ সালে তাদের সবার ফাঁসির আদেশ দেন আদালত।
আবার ২০২২ সালে কাপড়ে মল-মূত্র ত্যাগ করেন বলে যশোরের চৌগাছায় অসুস্থ মাকে গোয়াল ঘরে রাখার ঘটনাও সামনে আসে। ছেলে-মেয়েরা নিজেদের জগতে প্রতিষ্ঠিত থাকলেও অসুস্থ মাকে গোয়াল ঘর থেকে গিয়ে উদ্ধার করতে হয় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
বিষয়টিকে সামাজিক অবক্ষয়ের প্রমাণ হিসেবেই ব্যাখ্যা করছেন মনোবিজ্ঞানীরা। ঢাকা বিশ^বিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর আহমেদ এ বিষয়ে রূপালী বাংলাদেশকে বলেন, এই একটা মাত্র সম্পর্কে নাকি কোনো স্বার্থের ছোঁয়া নেই। নেই ভালোবাসার কোনো সীমা-পরিসীমাও। কথায় আছে, ঈশ্বর সরাসরি মানুষের কাছে আসতে পারেন না, তাই প্রত্যেককে একজন করে মা দিয়েছেন। বেশির ভাগ সন্তানই মায়ের পায়ের নিচে নিজের বেহেশত রয়েছে বলে মনে করে। কিন্তু সম্প্রতি কিছু কিছু বিষয় আমাদের সামনে আসছে যা কোনোভাবেই কাম্য নয়। সম্পদের জন্য, মাদকের টাকা না পেয়ে, প্রেমে সাফল্য না পেয়ে মাকে হত্যা বা মাকে কষ্ট দেওয়ার মতো ঘটনা সামনে আসছে। এটিকে আমরা মানসিক বৈকল্য বলব। এসব ঘটনা যারা ঘটাচ্ছে তারা মানসিকভাবে বিকলাঙ্গ। তিনি বলেন, মনস্তাত্ত্বিক তত্ত্ব অনুযায়ী, মানুষ কেন নিজের মায়ের সঙ্গে নিষ্ঠুর আচরণ করে- এই বিষয়টি অত্যন্ত জটিল। এটি সাধারণত কোনো একটি কারণে হয় না, বরং উন্নয়নমূলক, স্নায়বিক এবং পরিস্থিতির একটি সংমিশ্রণ। অসংগঠিত আসক্তি। এটি তখন ঘটে যখন মা একই সঙ্গে ভয়ের উৎস এবং সান্তঃনার উৎস হয়ে দাঁড়ান। যদি কোনো শিশু এমন মায়ের কাছে বড় হয় যিনি নিজেই নির্যাতনকারী বা চরম অবহেলাকারী ছিলেন, তবে সেই শিশুর মধ্যে একটি খ-িত ব্যক্তিত্ব তৈরি হতে পারে। বড় হওয়ার পর এই ট্রমা তীব্র ক্ষোভ বা ‘আক্রমণকারীর সঙ্গে নিজেকে একাত্ম করা’র মাধ্যমে প্রকাশ পেতে পারে। যদি মা খুব বেশি নিয়ন্ত্রণকামী হন, তবে সন্তান অনুভব করতে পারে যে তার নিজস্ব কোনো মানসিক অস্তিত্ব নেই। এই ক্ষেত্রে, নিষ্ঠুরতা হতে পারে মায়ের প্রভাব থেকে মুক্ত হয়ে নিজের আলাদা পরিচয় গড়ার একটি আদিম ও মরিয়া চেষ্টা। যেহেতু মা সাধারণত সন্তানের জীবনে সবচেয়ে ‘স্থায়ী’ মানুষ, তাই তিনি অনেক সময় সন্তানের জগতের সমস্ত হতাশার লক্ষ্যবস্তু হয়ে ওঠেন। অপরাধী অবচেতনভাবে বিশ্বাস করে যে, মা তাকে শর্তহীনভাবে গ্রহণ করবেন, তাই তারা সেই রাগ মায়ের ওপর ঝাড়ে, যা তারা সমাজ বা কর্মক্ষেত্রে প্রকাশ করতে ভয় পায়। মাদকাসক্তিও একটি বড় কারণ। দীর্ঘকাল মাদক সেবন মস্তিষ্কের সহমর্মিতা তৈরির সার্কিটগুলো নষ্ট করে দেয় এবং প্যারানয়া (অহেতুক সন্দেহ) বাড়িয়ে দেয়। ফলে মায়ের সাহায্য বা উদ্বেগকে সন্তান শত্রুতা হিসেবে ভুল করতে পারে।
তবে খারাপ সন্তান হলেও খারাপ মা হয় না এমন একটি কথা সমাজে প্রচলিত রয়েছে যুগের পর যুগ। আর তাই এই মা’কে ভালোবাসার জন্য, সম্মান জানানোর জন্য প্রতিবছর বিশ্বজুড়ে আড়ম্বরে পালিত হয় আন্তর্জাতিক মা দিবস। এদিন সব শ্রেণি-পেশার মানুষ দিবসটিকে উদযাপন করবেন আবেগ আর ভালোবাসায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকের টাইমলাইন ভরে উঠবে মায়ের ছবি, স্মৃতিচারণায়। দিবসটি উপলক্ষে আজ রোববার রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আয়োজন করতে যাচ্ছে ‘গরবিনী মা-২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রশাসন, আইন ও বিচার, আইন-শৃঙ্খলা, শিক্ষা, সাংবাদিকতা, চিকিৎসা, প্রকৌশল, সংগীত, অভিনয়সহ বিশেষ ক্যাটাগরিতে প্রতিষ্ঠিত ১১ জন সন্তানের মাকে দেওয়া হবে সম্মাননা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এ আয়োজনের বিষয়ে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী রূপালী বাংলাদেশকে বলেন, সব ধর্মেই মায়ের স্থান রাখা হয়েছে সবার ওপরে। সেই মাকে সম্মান জানানোর জন্য একটি দিবস পর্যাপ্ত নয়। সারা বছরই মাকে সম্মান জানাতে হয়। তবে মাকে সম্মাননা জানানোর জন্য একটি উদযাপনের প্রয়োজন। আর মা দিবস সেই উদযাপনের জন্য। আমরা বিগত এক যুগ ধরে নানা ক্ষেত্রে সফল সন্তানদের মায়েদের জন্য সম্মাননা জানানোর আয়োজন করে আসছি। এ সম্মাননার মাধ্যমে সমাজে আমরা একটা বার্তা দিতে চাই, যেটি হলো ‘মা আমাদের প্রথম এবং শেষ আশ্রয়’।






আপনার মতামত লিখুন