বাসাইলে তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি’ আকাশসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
বাসাইলে তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি’ আকাশসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলের বাসাইলের করাতিপাড়া এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আকাশ ওরফে পিচ্চি আকাশকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার সহযোগী সৌরভকে (২৫) গ্রেপ্তার করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের টাঙ্গাইল ক্যাম্প কমান্ডার মেজর কাওসার বাঁধন এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানান।

গতকাল মঙ্গলবার র‌্যাব-১৪ টাঙ্গাইল ও র‌্যাব-১ পোড়াবাড়ি গাজীপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আকাশ এবং সৌরভ গাজীপুর কালিয়াকৈরের কলেজছাত্র আবুল কালাম আজাদ হত্যা মামলার আসামি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র নিহত আবুল কালাম আজাদ (২৬) পড়াশোনার জন্য গাজীপুরে বসবাস করতেন। পিচ্চি আকাশ এবং তার সহযোগী সৌরভসহ আসামিরা নিহতের পূর্বপরিচিত ছিলেন। তারা ভুক্তভোগীকে হুমকি দিত।

২০২৪ সালের ২১ ডিসেম্বর আসামিরা ইমনের মাধ্যমে আজাদকে কালিয়াকৈর থানাধীন উলুসারা হারুনের দোকানে আসতে বলে। সে এলে আসামিরা আবুল কালাম আজাদকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা কাঞ্চন বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন।
টাঙ্গাইল র‌্যাবের কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, পিচ্চি আকাশ এবং সৌরভ তালিকাভুক্ত অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও চুরি একাধিক মামলা রয়েছে। তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।