মধুপুরে মাইক্রোবাস চাপায় নারী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ
মধুপুরে মাইক্রোবাস চাপায় নারী নিহত

টাঙ্গাইলের মধুপুরে মাইক্রোবাসের চাপায় লাইলী বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে উপজেলার নেকীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত লাইলী বেগম ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের জমশেদপুর এলাকার মৃত আবু সাঈদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার সময় অজ্ঞাতনামা দ্রুতগতির একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে লাইলী বেগম নিহত হন এবং মোটরসাইকেল চালক শামীম গুরুতর আহত হয়। আহত শামীমকে স্থানীয়রা উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি রাসেল আহমেদ জানান, ঘাতক মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ