ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ
ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় তুহিন ইসলাম (৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঘাটাইল টু সাগরদিঘী আঞ্চলিক সড়কের দেওপাড়া ইউনিয়নের মাকড়াই কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তুহিন একই এলাকার ভ্যান চালক মো. শামীম মিয়ার ছেলে। শিশুটি বাড়ির পাশেই অবস্থিত মাকড়াই মদিনাতুল উলুম মাদরাসার প্লে শ্রেণীর ছাত্র ছিলো। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তুহিন তার মায়ের সাথে হাত ধরে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে মাকড়াই ব্রীজ সংলগ্ন পৌছালে হঠাৎ তুহিন মায়ের হাত ছেড়ে দৌড় দেয় এ সময় চলন্ত একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) সজল খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি আমাদেরকে কেউ লিখিত ভাবে জানায়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।