সখীপুরে ফকিরবাড়ী মসজিদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ
সখীপুরে ফকিরবাড়ী মসজিদ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের দেওয়ান বাড়িতে দাঁড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন ফকিরবাড়ী জামে মসজিদ। প্রায় ২০০ বছর আগে মুঘল আমলের শেষ দিকে নির্মিত মসজিদটি আজও স্বমহিমায় টিকে আছে। জানা যায়, দেওয়ান পরিবারের পূর্বপুরুষ শাহ সুফি মোহাম্মদ গোমর আলী দেওয়ান ১৮৪০ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন।

মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ইট, চুনাপাথর ও সুরকি; যা মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য বহন করে। প্রায় ৫০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মসজিদের প্রতিটি দেয়াল প্রায় ৪০ ইঞ্চি পুরু। মসজিদটির পাঁচটি দরজা, প্রতিটি দরজার নকশায় সূক্ষ্ম কারুকাজের ছোঁয়া। ভেতরে ও বাইরে খোদাই করা নানা নকশা এবং ফুলপাতার অলংকরণ স্থাপনাটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। মসজিদের ছাদে ছোট-বড় মিলিয়ে রয়েছে আটটি গম্বুজ। জানা যায়, মসজিদের নির্মাণে কোথাও কোনো লোহা বা রড ব্যবহার করা হয়নি। মসজিদের ভেতরে একসঙ্গে প্রায় ৩০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রায় দুই শতাব্দী পেরিয়ে আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা ফকিরবাড়ী মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়; এটি টাঙ্গাইল সখীপুরের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যকলার এক জীবন্ত দলিল।