গোপালপুরে চাচাকে হত্যাচেষ্টার মামলায় ভাতিজা গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৩:৫১ অপরাহ্ণ
গোপালপুরে চাচাকে হত্যাচেষ্টার মামলায় ভাতিজা গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুরে চাচাকে হত্যাচেষ্টার মামলার আসামি ভাতিজা মোঃ শামীম (২৫)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ।

র‍্যাব জানায়, এজাহারের বিবরণে জানা যায়— ভিকটিম ও আসামি শামীমের মধ্যে চাচা–ভাতিজার সম্পর্ক। শামীম ভিকটিমের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেয়। টাকা ফেরতের দাবি জানালে শামীম নানা অজুহাতে সময়ক্ষেপণ করে।

গত ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১০টার দিকে, শামীম মোবাইলে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার কথা বলে ভিকটিমকে গোপালপুর থানাধীন বন্ধ আজগড়া উত্তরপাড়া এলাকার এক নির্জন স্থানে ডেকে নেয়। ভিকটিম বন্ধুসহ সেখানে গেলে, পূর্বপরিকল্পিতভাবে শামীমসহ আরও কয়েকজন মিলে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

ঘটনার পর ভিকটিমের চাচা বাদী হয়ে গোপালপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা (নং–০৩, তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৫) দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২) ধারায় রুজু করা হয়।

মামলার পর র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ৮ নভেম্বর রাত ১০টা ২০ মিনিটে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গাজীপুরের কোনাবাড়ী থানাধীন সাদারগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি মোঃ শামীমকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র‍্যাব সূত্রে জানা গেছে।