গোপালপুরে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩
টাঙ্গাইলে গোপালপুরে কাজ করে না দেয়ার অভিযোগ তুলে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয়রা। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ (সোমবার, ১০ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুত্বর আহত অবস্থায় ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, নেতাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার স্থানীয়রা কাজ না করার অভিযোগ তুলে ‘আওয়ামী ট্যাগ’ দিয়ে অফিসে হামলা করে ভাঙচুর করে। এসময় নির্বাচন কর্মকর্তাকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাদের হামলায় ৩ জন আহত হয়।
হামলায় আহতরা জানান, কয়েকজন নেতাকর্মী এসে ‘আওয়ামী লীগের ট্যাগ’ দেন এবং তাদের কাজ করা হচ্ছে না এমন অভিযোগ তুলে গালিগালাজ শুরু করেন। পরে একপর্যায়ে অফিস ভাঙচুর ও কর্মকর্তাকে মারধর করে।
গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন চৌধুরী বলেন, ‘ঘটনাটি তেমন গুরুতর নয়। দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। অফিসের কাচের জানালা ভাঙা হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’







আপনার মতামত লিখুন
Array