দেশের রাজনীতিতে নাশকতাকারীদের ঠাঁই হবে না: আযম খান
‘যারা নাশকতা করবে, বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোনো ঠাঁই হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
তিনি বলেন, ‘এখন জনগণ দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতি দেখতে চায়। গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার দেখতে চায়। লকডাউনের কথা বলে অনিশ্চয়তা তৈরির পাঁয়তারা এবং নাশকতা জনগণ আর দেখতে চায় না।’
শুক্রবার সকাল ১১টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার আড়াইপাড়া গ্রামে দুর্ঘটনায় আহত অটোরিকশা চালককে আর্থিক সহায়তা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান জানান, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে অনিশ্চয়তা ছিল প্রধান উপদেষ্টার ভাষণের পর তা কেটে গেছে। তার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে গেছে। পুরো জাতি এবং সমস্ত প্রশাসন এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
‘নির্বাচন সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত রয়েছে। এখন কোনো ব্যক্তি বা দল যদি নির্বাচনে না আসে তাহলে কোনো প্রভাব পড়বে না। বরং তারা জনগণের কাছ থেকেই হারিয়ে যাবে। আমি মনে করি নির্বাচনে যে সকল রাজনৈতিক দল আসবে, তাদের নিয়েই আমরা নির্বাচনে যাব। জনগণ ভোট দিবে, ভোটের মধ্য দিয়েই জয়-পরাজয় নির্ধারিত হবে’ বলেও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন- সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক দেলোয়ার হোসেন, কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।





আপনার মতামত লিখুন
Array